নয়াদিল্লি: তাঁর হস্তক্ষেপেই ভারত–পাকিস্তান পরমাণু যুদ্ধ এড়িয়েছে। শাহবাজ শরিফও বেঁচে গিয়েছেন! মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে ফের বড় দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে দাবি করেছেন, প্রথম দশ মাসে তিনি বিশ্বজুড়ে আটটি যুদ্ধ থামিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভারত–পাকিস্তান সংঘাতের প্রসঙ্গও।
ট্রাম্প বলেন, “পাকিস্তান ও ভারত তো পরমাণু যুদ্ধেই জড়িয়ে পড়ত। ৩৫ মিলিয়ন মানুষ বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন যদি আমি না থাকতাম।” তিনি আরও দাবি করেন, তাঁর হস্তক্ষেপেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেঁচে গিয়েছেন।
বলাই বাহুল্য, এই বক্তব্যে তিনি সরাসরি ইঙ্গিত করেছেন জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযান এবং তার পরবর্তী সীমান্ত সংঘর্ষের দিকে। ট্রাম্পের দাবি, তাঁর মধ্যস্থতার কারণেই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছিল।
তবে ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তান নিজেরাই নিয়েছিল, তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপে নয়। পাকিস্তানই ডিজিএমও চ্যানেলের মাধ্যমে প্রস্তাব দিয়েছিল, ভারত তাতে সম্মতি জানায়।
ট্রাম্পের এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তাঁর বক্তব্য কূটনৈতিকভাবে পাকিস্তানকে খোঁচা দেওয়ার পাশাপাশি ভারত–আমেরিকা সম্পর্কেও আলোচনার জন্ম দিতে পারে।

