স্কুলের বেহাল দশা নিয়ে কথা বলতেই কেড়ে নেওয়া হল শিক্ষকের মাইক

শীতলকুচি: তৃণমূল শিক্ষক সমিতির সভায় স্কুলের বেহাল দশা নিয়ে কথা বলতেই কেড়ে নেওয়া হল শিক্ষকের মাইক, ভিডিও ভাইরাল হয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর।

কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল শিক্ষক সংগঠনের সভায় অস্বস্তিকর ঘটনা। এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখছিলেন শিক্ষক ইয়াসিন মিয়া। তিনি বলেন, “যাদের সামর্থ্য আছে তাঁরা বেসরকারি জায়গায় যায়। কিন্তু যাঁদের টাকা নেই তাঁদের সরকারি স্কুলে আসতে হয়। সরকারি স্কুলে পড়ুয়াদের অনুপাতে শিক্ষক নেই। এটা সরকারকে দেখতে হবে। শিক্ষকদের ‘আসি যাই মাইনে পাই’ মানসিকতা থেকে বেরোতে হবে।”

কিন্তু বক্তব্য চলাকালীন বারবার তাঁকে সংক্ষিপ্ত করতে বলা হয়। শেষ পর্যন্ত মঞ্চে তাঁর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

সভাটি অনুষ্ঠিত হয়েছিল নিউ গোসাইরহাট নিউটাউন প্রাইমারি স্কুলের মাঠে। উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন। তাঁদের সামনেই ঘটে এই ঘটনা। রজত বর্মা পরে জানান, “ওই শিক্ষক একই কথা বারবার ঘুরিয়ে বলছিলেন। তাই তাঁর হাত থেকে মাইক সরিয়ে নেওয়া হয়েছে।”

About The Author