ভোট প্রচারে নামার আগেই পিতৃবিয়োগ, শোকের ছায়ায় তৃণমূল প্রার্থী স্বপ্নার পরিবারে

জলপাইগুড়ি: ভোট যুদ্ধে মেয়ের লড়াই দেখে যেতে পারলেন না বাবা, প্রচারে নামার আগেই রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পিতৃবিয়োগ। অসুস্থ হয়ে অনেক দিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে।

এশিয়ান গেমস সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন এবারে জলপাইগুড়ি রাজগঞ্জের তৃণমূল প্রার্থী। প্রচারে নামার আগেই ব্যক্তিগত শোকের মুখে পড়লেন স্বপ্না। শুক্রবার গভীর রাতে তাঁর বাবা পঞ্চানন বর্মন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বলে জানা গেল। দলের তরফে সকালে আনুষ্ঠানিক ভাবে এখবর জানানো হয়। স্বপ্নার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং শিলিগুড়ির এক হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রার্থী ঘোষণার পর থেকেই স্বপ্না প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বাবার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, “স্বপ্না বর্মনকে আমরা পাশে আছি। এই কঠিন সময়ে দল তাঁর পরিবারের পাশে থাকবে।” রাজগঞ্জে প্রার্থী বদল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। এবার প্রার্থীর ব্যক্তিগত শোক সেই পরিস্থিতিকে আরও আবেগঘন করে তুলল।

About The Author