রাজগঞ্জ: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই জলপাইগুড়ির রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায় ক্ষোভে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। রাজগঞ্জ আসনে তাঁকে বাদ দিয়ে এশিয়াড সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন–কে প্রার্থী করা হয়েছে।
খগেশ্বর রায় জানিয়েছেন, তিনি দলকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। তাঁর আশা ছিল, শেষ মুহূর্তে দল তাঁকে আবারও প্রার্থী করবে। তবে স্বপ্নাকে প্রার্থী করায় উনি ক্ষুব্ধ। ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে উনাকে নিয়ে দল সিদ্ধান্তে না এলে তিনি বড় পদক্ষেপ নেবেন। জানা যাচ্ছে, তাঁর সঙ্গে অন্য রাজনৈতিক দলের যোগাযোগ হয়েছে বলে কর্মীরা দাবি করছেন, যদিও তিনি নিজে তা স্বীকার করেননি।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ এবং প্রাক্তন জেলাশাসক মুখ্যমন্ত্রীর হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল ১১টার সময় তিনি নিজের সিদ্ধান্ত প্রকাশ করতে পারেন বলে খবর।
একদিন আগেই, তিনি টাকার জোরে তাঁর পদ কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এদিকে, খগেশ্বরের ৪৮ ঘণ্টা সময় নিয়ে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী তথা রাজগঞ্জের অন্যতম চর্চিত শাসক নেতা কৃষ্ণ দাস বলেছিলেন, ৪৮ ঘণ্টা কেন ৪৮ বছর সময় দিলেও উনাকে আর প্রার্থী দেবে না।
রাজগঞ্জে প্রার্থী বদল ঘিরে তৃণমূলের অন্দরে অস্থিরতা চরমে পৌঁছেছে। কর্মী–সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে, আর খগেশ্বর রায়ের পরবর্তী পদক্ষেপে নজর গোটা রাজ্যের।
- রাজগঞ্জে তৃণমূলের প্রার্থী বদল নিয়ে অস্থিরতা। খগেশ্বর রায়ের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হচ্ছে আজ, সকালেই সিদ্ধান্ত জানাবেন তিনি।

