কলকাতা: তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে SIR শুনানিতে হাজিরা দিতে তলব করা হয়েছে। সঙ্গে তাঁর পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে। এনিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (দীপক অধিকারী)-কে শুনানিতে হাজিরা দিতে তাঁর আবাসনে নোটিশ গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দেবের পাশাপাশি তাঁর পরিবারের আরও তিনজন সদস্যকেও হাজিরা দিতে ডাকা হয়েছে। তবে ঠিক কোন অসঙ্গতির জন্য এই তলব, তা এখনও স্পষ্ট হয়নি।
সূত্রের খবর, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেটা ফিল-আপ করা হয়নি। ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন।
দেব দীর্ঘদিন ধরে ঘাটালের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবেও পরিচিত। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পরিবারের সদস্যদের তলবকে কেন্দ্র করে তৃণমূল শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে।
দেবকে তলব ঘিরে তৃণমূল নেতা কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘অন্যায়ভাবে হয়রান করছে নির্বাচন কমিশন। দেব একজন প্রতিষ্ঠিত তারকা, একজন সাংসদ। একবারের নয়, টানা তিনবারের সাংসদ দেব। তাঁকে এভাবে ডাকার সাহস হয় কী করে!’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেস এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

