শিলিগুড়ি: বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা, তিস্তায় আছড়ে পড়ল গাড়ি। ঘটনাস্থলেই দুই জনের মৃ/ত্যু, আহত হয়েছেন আরও দুই জন।
শুক্রবার ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনায় কেঁপে উঠল এনএইচ-১০। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে ভোরের দিকে যখন গাড়িটি বাঁক ঘুরতে গিয়ে হঠাৎই রাস্তা থেকে ছিটকে যায়। তিস্তার প্রবল স্রোতে গাড়িটি ভেসে যায় কিছুটা দূর পর্যন্ত। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে পুলিশ ও স্থানীয়রা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডুয়ার্স থেকে সিকিমের দিকে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল একটি ইনোভা গাড়ি। ২৯তম মাইলের কাছে বান্দারে ক্লিফে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। আরও দুই জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এনএইচ-১০-এ এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে পাহাড়ি বাঁক ও খাদের ধারে। প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

