আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান

ঢাকা: বাংলাদেশে আড়াই দশক পরে আবারও কোনও বিএনপি নেতা প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নেবেন বিএনপি প্রধান তারেক রহমান। এর আগে ২০০১ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তাঁর মা খালেদা জিয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। তারেক রহমান নিজে দুটি আসনে জয়ী হলেও নিয়ম মেনে তিনি ঢাকা-১৭ আসন ধরে রেখে বগুড়া-৬ আসন থেকে ইস্তফা দিয়েছেন। ফলে বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে।

শপথ অনুষ্ঠানে  প্রায় ১২০০ দেশি–বিদেশি অতিথি যোগ দিতে পারেন। ভারতের তরফে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৩৫ থেকে ৩৭ জনের, যার মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী এবং ৯ থেকে ১০ জন প্রতিমন্ত্রী থাকবেন।

ঢাকায় নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৬টি বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তারেক রহমান কোথায় থাকবেন তা এখনও স্পষ্ট নয়। আপাতত তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাড়িতেই থাকবেন বলে জানা গেছে। পরে তাঁর বাসস্থান হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

About The Author