ছটপুজোর অনুষ্ঠান শেষে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে দেখে দৌড়ে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। শুভেন্দু নিজে গাড়ির দরজা খুলে তাঁকে জড়িয়ে ধরেন এবং একটি পদ্মফুল উপহার দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গারুলিয়ায় অভূতপূর্ব দৃশ্য।
সুনীল সিং, যিনি অর্জুন সিংয়ের ভগ্নীপতি, ২০২২ সালের পুরভোটে BJP-র হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন, পরে তা প্রত্যাহার করে TMC-তে ফিরে যান। তবে ২০২৪-এর পর থেকে তাঁকে তৃণমূলে তেমন সক্রিয় দেখা যায়নি।
এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে ২০২৬ বিধানসভা ভোটের আগে দলবদলের জল্পনা ফের মাথাচাড়া দিয়েছে। যদিও সুনীল সিং দাবি করেছেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় ছিলাম, তাই সম্মান জানিয়ে প্রণাম করেছি। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।”
তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, “গারুলিয়ার মানুষ জানেন, কে কখন কী করেছেন।” রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে— ‘পদ্ম’ কি শুধু সৌজন্য, না কি আগাম আমন্ত্রণ?

