মমতাকে আক্রমণ, SIR নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

কলকাতা: রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিজেপি মনে করছে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা বাতিল করার চেষ্টা করছেন। শুভেন্দু বলেন, “উনি চাইছেন SIR বাতিল করে ভোট করতে। এটা এত সোজা নয়। এটা নবম SIR। এটা নতুন নয়। মুখ্যমন্ত্রীর এই ধান্দা সফল হবে না।”

বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসক ও তৃণমূলের সঙ্গে I-PAC-এর যোগসাজশে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে নামের সামান্য ত্রুটি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। শুভেন্দু দাবি করেন, দক্ষিণ ২৪ পরগনা, বসিরহাট, পূর্ব মেদিনীপুরের কয়েকজন জেলাশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, “গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম ও পদবির বানান ভুল হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএলও-রা করেছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

বিরোধী দলনেতা আরও জানান, বিজেপির ১২ জন বিধায়ক ও ২ জন রাজ্য নেতৃত্ব মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে সাংবিধানিক দাবিপত্র জমা দেবেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাতানো হচ্ছে। শুভেন্দু বলেন, “আমাদের কাছে প্রমাণ আছে। মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি-রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে না। মুখ্যমন্ত্রী যতই চিৎকার করুন, এবার কারসাজি সফল হবে না।” রাজনৈতিক মহল মনে করছে, এই অভিযোগে রাজ্যে কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠল।

About The Author