মেলায় ভেঙে পড়ল ‘সুনামি’ দোলনা, পুলিশকর্তার মৃত্যু, আহত অন্তত ১৩

হরিয়ানার ফারিদাবাদে সুরজকুণ্ড মেলায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ একটি বিশাল ‘সুনামি’ দোলনা হঠাৎ মাঝ আকাশে ভেঙে পড়ে যায়। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন এবং এক পুলিশকর্তার মৃত্যু হয়েছে।

মৃত পুলিশকর্তা হলেন ইন্সপেক্টর জগদীশ প্রসাদ, যিনি পালওয়াল পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং মেলায় ডিউটিতে ছিলেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গেছে, আগামী মার্চেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোলনায় প্রায় ১৫ জন বসেছিলেন। হঠাৎ সেটি হেলে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। ইন্সপেক্টর প্রসাদ সাহসিকতার সঙ্গে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময় তাঁর মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোলনার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।

About The Author