নয়াদিল্লি: বিনামূল্যে সুবিধা বা ‘খয়রাতি সংস্কৃতি’ নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তামিলনাড়ুর বিদ্যুৎ বণ্টন সংস্থার একটি আর্জির শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে, “দেশের অধিকাংশ রাজ্যে রাজস্ব ঘাটতি সত্ত্বেও খয়রাতির রমরমা চলছে।”
তামিলনাড়ু সরকার রাজ্যের সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চাইলে আদালত প্রশ্ন তোলে— “দেশে কী ধরনের সংস্কৃতি তৈরি করছি আমরা?” বিচারপতিরা বলেন, যাঁরা বিদ্যুতের বিল দিতে পারেন না তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করা উচিত। কিন্তু সবার জন্য একসঙ্গে বিনামূল্যে পরিষেবা দেওয়া হলে তা তুষ্টিকরণের নীতি হয়ে দাঁড়ায়।
প্রধান বিচারপতির মন্তব্য, “যদি সকাল থেকে বিনামূল্যে খাবার দেন, সন্ধ্যায় সাইকেল দেন, আবার নিখরচায় বিদ্যুৎও দেন, তা হলে কে আর কাজ করবে? কর্মসংস্কৃতির কী হবে?” বিচারপতি জয়মাল্য বাগচী যোগ করেন, “এটা শুধু একটি রাজ্যের বিষয় নয়, সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য।”
রাজ্যগুলির উদ্দেশে আদালতের বার্তা— কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন, শুধু খয়রাতি নয়। নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যে বিনামূল্যে রেশন, মাসিক ভাতা, সাইকেল ইত্যাদি প্রকল্প ঘোষণা করা হয়। আদালতের পর্যবেক্ষণ, এই প্রবণতা দীর্ঘমেয়াদে কাজের সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।

