ডিএ মামলায় চূড়ান্ত রায়: ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে রাজ্যকে ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ এবং মে মাসের মধ্যে সম্পূর্ণ বকেয়া ডিএ মেটাতে হবে। আদালত বলেছে, ডিএ কর্মচারীদের আইনি অধিকার।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানায়, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যকে অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। পাশাপাশি ২০২৬ সালের ১৫ মে-র মধ্যে সম্পূর্ণ বকেয়া মেটানোর অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। এর জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে আদালত।
আদালত স্পষ্ট জানিয়েছে, রোপা রুল অনুযায়ী মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার, কোনও দয়ার দান নয়। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও বকেয়া ডিএ পাবেন।
মামলার শুনানিতে কর্মচারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, কেন্দ্র বছরে দু’বার কনজিউমার প্রাইজ ইনডেক্সের ভিত্তিতে ডিএ দেয়, রাজ্যও আগে সেই নিয়ম মেনে চলত। কিন্তু গত কয়েক বছরে নিয়ম না মানায় প্রায় ৪০ শতাংশ ফারাক তৈরি হয়েছে। অন্যদিকে রাজ্যের পক্ষের আইনজীবীরা বলেন, বিভিন্ন রাজ্যে ডিএ-র হার আলাদা, পশ্চিমবঙ্গও সাধ্যমতো ডিএ দিচ্ছে।
২০১৮ সালে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, মহার্ঘ ভাতা কর্মচারীদের প্রাপ্য। একাধিকবার হাইকোর্ট ও ট্রাইব্যুনাল রাজ্যকে নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। অবশেষে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারের রায়ে আদালত স্পষ্ট করে দিল, কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে।

