কলকাতা: পদ্মশ্রী প্রাপ্তির শুভেচ্ছা জানাতে প্রসেনজিতের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। তাঁর হাতে রামমূর্তি উপহার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ভোটের মুখে জল্পনা টলিপাড়ায়। যদিও সৌজন্য সাক্ষাৎ বলেই জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
টলিউডে নতুন আলোচনার জন্ম দিল কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সৌজন্য সাক্ষাৎ। শনিবার সকালে তিনি পৌঁছে যান সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।
প্রসেনজিৎ সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানাতেই সুকান্ত ও রুদ্রনীল তাঁর বাড়িতে যান। এদিন প্রসেনজিতের হাতে একটি রামলালার মূর্তি তুলে দেন সুকান্ত। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে সিনেমা, অভিনয় এবং রাজ্য-দেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়।
তবে এই সাক্ষাৎকে ঘিরে টলিপাড়ায় জল্পনা শুরু হয়েছে। ভোটের আগে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? যদিও সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়েছেন, “এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়। পদ্মশ্রী পাওয়ার জন্য প্রসেনজিৎকে সংবর্ধনা জানাতেই এসেছিলাম।”
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। তার পরেই প্রসেনজিতের বাড়িতে সুকান্তের উপস্থিতি রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে।

