‘SIR-এর অতিরিক্ত চাপ!’ সেবকে তিস্তায় ঝাঁপ BLO-র

শিলিগুড়ি: SIR চলাকালীন অতিরিক্ত কাজের চাপের জেরে আত্মঘাতী হলেন এক বি.এল.ও কর্মী! এমনই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাটি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম শ্রাবণ কুমার কাহার। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পাশাপাশি বি.এল কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চাপ ও দায়িত্বের ভার ক্রমশ বাড়ছিল। মঙ্গলবার তিনি তিস্তার পাহাড়ি এলাকায় গিয়ে নদীতে ঝাঁপ দেন বলে জানা যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁদের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অবসাদ থেকেই শ্রাবণ কুমার এই মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। যদিও পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

About The Author