ভেনেজুয়েলায় মার্কিন সেনা অভিযানের প্রতিবাদে সোমবার বিকেলে কলকাতার রাজপথে বিক্ষোভে নামল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন SFI এবং DYFI। এসপ্ল্যানেড থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন শতাধিক কর্মী-সমর্থক। তাঁদের হাতে ছিল মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী প্ল্যাকার্ড ও পোস্টার। তিলোত্তমার বুকে পোড়ানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুলও।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, ভেনেজুয়েলায় হামলা আসলে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি। তাঁরা জানান, মাদুরো সরকারের পতন ঘটাতে এবং লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করতে এই হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে কারাকাস-সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালায় মার্কিন সেনা। এরপর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মাদুরোকে মার্কিন আদালতে মাদক সন্ত্রাস ও অস্ত্র রাখার অভিযোগে মামলার মুখোমুখি হতে হচ্ছে।
বিক্ষোভকারীরা দাবি করেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। তাঁরা ঘোষণা করেন, আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন চলবে। পুলিশের বাধা সত্ত্বেও মিছিল এগিয়ে যায় ধর্মতলার দিকে।

