পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যু! অভিযোগ ছিল, পুলিশি নির্যাতনে মৃত্যু হয় দুজনের। সেই মামলায় ৯ পুলিশ কর্মীকে ফাঁসির সাজা শোনাল আদালত। চমকপ্রদ কাণ্ড তামিলনাড়ুতে।
সাতানকুলমে বাবা-ছেলের মৃত্যু মামলায় নজিরবিহীন রায় দিল আদালত। নয়জন পুলিশ কর্মীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে।
২০২০ সালের জুন মাসে জর্জ ফ্লয়েড ঘটনার পরপরই আলোড়ন তুলেছিল এই কাণ্ড। দোকান খোলা রাখার অভিযোগে পুলিশ জয়রাজ ও তাঁর ছেলে বেনিক্সকে আটক করে। অভিযোগ, থানায় তাঁদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। কয়েক দিনের মধ্যেই দু’জনের মৃত্যু হয়।
এই ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ছড়ায়। মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ ন্যায়বিচারের দাবি তুলেছিলেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মনে করেছে, অভিযুক্ত পুলিশ কর্মীরা দায়িত্বের সীমা অতিক্রম করে নির্মম নির্যাতন চালিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় ভারতীয় বিচারব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ নজির তৈরি করল। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় এত বড় শাস্তি এর আগে খুব কমই দেখা গেছে।

