নয়ডা: টি২০ বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ভারতীয় ক্রিকেটে নেমে এল দুঃসংবাদ। জাতীয় দলের তারকা ব্যাটার রিঙ্কু সিং পিতৃহারা হলেন। শুক্রবার সকালে গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা খাচান্দ্র সিং।
এক বছর আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে রোগ চতুর্থ পর্যায়ে পৌঁছয় এবং গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষ কয়েকদিন তিনি মেকানিক্যাল ভেন্টিলেটর ও কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি-তে ছিলেন। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবারই রিঙ্কু ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে বাবাকে দেখতে গিয়েছিলেন। সেটাই যে শেষ দেখা হবে, তা তিনি ভাবেননি। বৃহস্পতিবার আবার দলের সঙ্গে যোগ দেন, যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না। শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পান তিনি।
খাচান্দ্র সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল। বিশ্বকাপের বাকি অংশে রিঙ্কুকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে এখন বড়সড় সংশয় তৈরি হয়েছে। বিসিসিআই এখনও এ বিষয়ে কোনও সরকারি মন্তব্য করেনি।

