মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর মিছিলে ভয়াবহ অশান্তি। ইটবৃষ্টি, লাঠি-বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অশান্তির ঘটনায় ১ জন RSS নেতা কিংশুক ভট্টাচার্য সহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে হিন্দুত্ববাদী দলের নেতা বাবাই চক্রবর্তীও রয়েছেন। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
রঘুনাথগঞ্জ থেকে ফুলতলা মোড় পর্যন্ত এলাকায় রাতভর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহল চলে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্য পুলিশের DG-এর কাছে রিপোর্ট চেয়েছে। পাশাপাশি থানার OC-দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। আগের নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ১০ দিনের বেশি ফেলে রাখা যাবে না। সম্ভাব্য গোলমালকারীদের চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে। VIP ও নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভোটের মুখে এই অশান্তি রাজ্য রাজনীতিতে নতুন চাপ তৈরি করেছে।

