নথি নিয়ে অনিশ্চয়তা, রাজগঞ্জে স্বপ্নার বদলে খগেশ্বর রায়কে বিকল্প প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের প্রার্থী হওয়া নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেল, নির্বাচন কমিশনের এনওসি এখনও হাতে পাননি স্বপ্না। এদিকে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সোমবারই। এখনও নথি হাতে না পাওয়ায় তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, তাই এত অল্প সময়ের মধ্যে এনওসি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এদিকে, রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কে ইতিমধ্যেই বিকল্প প্রার্থী হিসেবে ভেবে রাখা হয়েছে। খবর দলীয় সূত্রের। জানা গিয়েছে, খগেশ্বর রায় ইতিমধ্যেই মনোনয়নপত্রের ফর্ম তুলে রেখেছেন। আইনজীবীদের কাছে মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রও তৈরি করতে দিয়েছেন তিনি।

সূত্রের আরও দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে স্বপ্না এনওসি হাতে না পেলে বিকল্প হিসেবে খগেশ্বর রায়কে প্রার্থী করা হতে পারে। স্বপ্না আপাতত তাঁর প্রচার বন্ধ রেখেছেন। যদিও এই ব্যাপারে, প্রার্থী স্বপ্না বা খগেশ্বর, কেউই ফোনে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে দলের অভ্যন্তরে মুখ বদল নিয়ে জোর আলোচনা চলছে। অবশ্য, তৃণমূল নেতৃত্বও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারছে না। তবে সোমবারের জন্য অপেক্ষা করতেই হচ্ছে।

About The Author