Jalpaiguri: থানার লকআপেই আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের, রাজগঞ্জে হুলুস্থুলু কাণ্ড

রাজগঞ্জ: পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ থানায়।

জানা গেছে, চুরির মামলায় গ্রেপ্তার ২৭ বছর বয়সী ‘অভিযুক্ত’ যুবক প্রসেনজিৎ সরকারকে কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দু’দিন আগে গ্রেপ্তা‌র করেছিল বেলাকোবা ফাঁড়ির পুলিশ।  যুবকের বাড়ি বড় হলদিবাড়ি এলাকায়। তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলার পর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। সেই রিমান্ড চলাকালীন থানার ভেতরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।

সূত্রের খবর, তাঁকে দেওয়া কম্বলের এক প্রান্ত ছিঁড়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করেন প্রসেনজিৎ। তবে কর্তব্যরত পুলিশ কর্মীরা বিষয়টি প্রায় সঙ্গে সঙ্গেই লক্ষ্য করেন এবং দ্রুত তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যান। চিকিৎসকদের তৎপরতায় তাঁর প্রাণ রক্ষা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও রাজগঞ্জ থানার কোনও পুলিশ কর্তা এব্যাপারে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ‘অভিযুক্ত যুবক হাজতের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কর্তব্যরত পুলিশকর্মীর নজরে আসতেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়। রাজগঞ্জ পুলিশ দ্রুত ও পেশাদারীভাবে দায়িত্ব সামলেছে। ছেলেটির পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং অভিযুক্তের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

About The Author