আইন কলেজে ভয়ঙ্কর কাণ্ড! ক্লাসরুমে বান্ধবীকে মেরে আত্মঘাতী তরুণ

পঞ্জাব: ক্লাসরুমে শিউরে ওঠার মত ঘটনা। প্রথম বর্ষের এক ছাত্র তার সহপাঠীকে মেরে নিজেও আত্মঘাতী হল। পঞ্জাবের তারন জেলার উস্মা গ্রামের একটি আইন কলেজে সোমবার সকালে এই কাণ্ডে দেশজুড়ে হইচই।

জানা গেল, প্রিন্স রাজ নামের ওই ছাত্র শ্রেণিকক্ষে সহপাঠী সন্দীপ কৌরকে গুলি করে হত্যা করে, এরপর নিজেকেও গুলি করে আত্মহত্যার চেষ্টা করে। পড়ে মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ঘটে এবং পুরো ঘটনাটি CCTV ফুটেজে ধরা পড়ে। দেখা যায়, প্রিন্স রাজ শ্রেণিকক্ষে প্রবেশ করে সন্দীপ কৌরের দিকে এগিয়ে যায়, ব্যাগ থেকে পিস্তল বের করে তাঁর মাথায় গুলি করে। এরপর কয়েক পা এগিয়ে গিয়ে নিজেকেও গুলি করে।

সন্দীপ কৌর ঘটনাস্থলেই মারা যান। প্রিন্স রাজকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পরে তাঁরও মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে। উভয়েই ওই কলেজের প্রথম বর্ষের আইন বিভাগের ছাত্রছাত্রী ছিলেন। ঘটনার পর কলেজে আতঙ্ক ছড়ায়, সহপাঠীরা হতভম্ব হয়ে পড়েন।

About The Author