রাষ্ট্রপতিকে ‘অপমান’ বিতর্কে কড়া পদক্ষেপ, দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে তলব করল কেন্দ্র

শিলিগুড়ি: রাষ্ট্রপতিকে ‘অপমান’ বিতর্কে কড়া পদক্ষেপ, দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে তলব করল কেন্দ্র।

৭ মার্চ শিলিগুড়ির গোঁসাইপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু–র অনুষ্ঠানে নিরাপত্তা ও স্থান পরিবর্তন সংক্রান্ত অব্যবস্থাপনা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এবার বড় প্রশাসনিক পদক্ষেপে গড়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর–কে ডেপুটেশনে তলব করেছে।

রাষ্ট্রপতি মূল অনুষ্ঠানস্থল পরিবর্তন নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, নির্ধারিত মাঠে আরও বেশি মানুষের সমাগম হতে পারত। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর পর থেকেই বিষয়টি রাজনৈতিকভাবে তীব্র আলোচনার জন্ম দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিক জনসভায় রাষ্ট্রপতির ‘অপমান’ প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন।

রাজ্য প্রশাসন অবশ্য যাবতীয় ‘অসৌজন্যের’ অভিযোগ অস্বীকার করেছে। তবে কেন্দ্রের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অতীতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা বা প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যসচিবের অনুপস্থিতির ঘটনায়ও রাজ্যের আধিকারিকদের ডেপুটেশনে তলব করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার অনুমতি দেয়নি। এবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

About The Author