প্রোটোকল ভাঙা হল কেন? রাষ্ট্রপতির বঙ্গসফর নিয়ে রিপোর্ট তলব কেন্দ্রের

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্রতর হচ্ছে। শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে গিয়ে তিনি প্রকাশ্যে অভিযোগ করেন, রাজ্য সরকার তাঁর সভার জন্য অনুমতি দেয়নি এবং বারবার সভাস্থল বদল করতে হয়েছে। এমনকি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এত চেয়ার ফাঁকা কেন? আমি বুঝতে পারছি কেউ বাধা দিচ্ছে।”

রাষ্ট্রপতির এই মন্তব্যের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। প্রশ্ন উঠছে, প্রোটোকল অনুযায়ী কোনও রাজ্যে রাষ্ট্রপতি সফরে গেলে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কেউ তাঁকে স্বাগত জানানোর কথা। কিন্তু এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না।

উদ্যোক্তাদের অভিযোগ, প্রথমে বিধাননগরে সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু চারবার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে সভার অনুমতি দেওয়া হয়। অনেক আমন্ত্রিত অতিথি সিকিউরিটি পাস না পাওয়ায় সভায় ঢুকতে পারেননি বলেও অভিযোগ।

অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, রাজ্যের তরফে তিনি রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন এবং নিরাপত্তাজনিত কারণে সভাস্থল নিয়ে সমস্যা হয়েছিল। তবে রাষ্ট্রপতির প্রকাশ্য মন্তব্যে রাজ্য-কেন্দ্র সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

About The Author