‘প্রতীকের সাহসকে ধন্যবাদ’— অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রতীক-উর রহমান

কলকাতা: ডায়মন্ড হারবারে বড় রাজনৈতিক পালাবদল। শনিবার আমতলায় সাংসদ কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন প্রতীক-উর রহমান।

গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই সিপিএম প্রার্থী হিসেবে লড়েছিলেন প্রতীক-উর। তবে এবার অভিষেকের হাত ধরেই তিনি তৃণমূলে যোগ দিলেন। অভিষেক বলেন, “প্রতীক-উর ভোটে লড়ার টিকিট চাননি, তিনি সংগঠনের কাজ করতে চেয়েছেন। তাঁর সাহসকে ধন্যবাদ।”

যোগদানের কিছুক্ষণের মধ্যেই সিপিএম তাঁকে বহিষ্কার করে। পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা, ৫৬ নম্বর উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়। এসএফআই দফতরে তাঁর নামে বরাদ্দ লকার থেকেও নাম সরিয়ে দেওয়া হয়।

প্রতীক-উর সম্প্রতি প্রকাশ্যে সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে তিনি ‘সিপিএমের গব্বর সিং’ বলে আক্রমণ করেন। আরও বলেন, “সূর্যকান্ত মিশ্রের সময়ে দলের মধ্যে প্রশ্ন করা যেত, কিন্তু সেলিম কর্পোরেট সংস্কৃতি চালু করেছেন।”

সেলিম অবশ্য পাল্টা মন্তব্য করেছেন, “মমতা-শুভেন্দু ল্যান্ডমাইন বসিয়েও সিপিএমকে শেষ করতে পারেনি। মিডিয়ায় বসে স্ক্রিপ্ট আউড়ে সিপিএমকে শেষ করা যাবে না।”

About The Author