পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার এরণাকুলামে এনডিএ-র নির্বাচনী সভায় তিনি বলেন, এই সংঘাত সমগ্র বিশ্বের জ্বালানি সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই, ভারত আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করবে।
মোদী জানান, গালফ অঞ্চলে লক্ষাধিক ভারতীয় কর্মরত, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি অতীতে ইরাকের নার্স, ইয়েমেনের ফাদার টম কিংবা আফগানিস্তান থেকে অ্যালেক্সিস প্রিমকুমারকে উদ্ধারের উদাহরণ টেনে বলেন, “আজকের ভারত বিপদে নাগরিকদের একা ফেলে রাখে না।”
প্রধানমন্ত্রী আরও বলেন, বন্ধুত্বপূর্ণ দেশগুলির সরকার ভারতীয় নাগরিকদের দেখাশোনা করছে এবং ভারতীয় দূতাবাসগুলি ২৪ ঘণ্টা সহায়তা দিচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও বামপন্থীরা ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে, যাতে আতঙ্ক ছড়ায়। তাঁর বক্তব্য, “এমন সংকটে রাজনীতি করা দুর্ভাগ্যজনক। এরা আতঙ্ক ছড়িয়ে পরে মোদীকে গালাগাল দিয়ে রিল বানাতে চায়।”
যুদ্ধের কারণে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও মোদী বলেন, এই সংকট আবারও প্রমাণ করেছে আত্মনির্ভরতার গুরুত্ব। তিনি উল্লেখ করেন, সৌর প্রকল্প, রেল বিদ্যুতায়নসহ নানা পদক্ষেপে ভারত বিদেশি নির্ভরতা কমাচ্ছে। তাঁর দাবি, বিজেপি–এনডিএ দেশকে আত্মনির্ভর করতে কাজ করছে, আর বিরোধীরা আতঙ্ক ছড়াচ্ছে।

