নয়াদিল্লি: দেশজুড়ে রান্নার গ্যাস (এলপিজি) নিয়ে উদ্বেগের আবহে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির এক সম্মেলনে তিনি বলেন, “কিছু মানুষ এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। তাঁরা দেশের ক্ষতি করছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” একইসঙ্গে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে রাজ্য সরকারগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।
মোদী জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। ভারত সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য পরিষ্কার—দেশের মানুষ যেন সমস্যায় না পড়েন। কোভিডকালের মতো এই সঙ্কটও আমরা সফলভাবে অতিক্রম করব।”
প্রধানমন্ত্রী আরও জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। যুদ্ধের কারণে প্রাণহানি ও অবকাঠামো ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি সংসদে জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় ২০% জ্বালানি আসছে না, তবে অভ্যন্তরীণ উৎপাদন ২৮% বাড়ানো হয়েছে। শহরাঞ্চলে দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ব্যবধান রাখা হয়েছে ২৫ দিন, আর গ্রামাঞ্চলে তা ৪৫ দিন।

