মুকুল রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদী

রাজনীতির এক সময়ের ‘চাণক্য’ মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গভীর রাতে সল্টলেকের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে মুকুল রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়জির মৃত্যুতে আমি শোকাহত। রাজনৈতিক অভিজ্ঞতা, সমাজসেবার উদ্যোগের জন্য তিনি স্মরণীয় থাকবেন।” মোদি তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুকুল রায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শোকজ্ঞাপন করেছেন।

মুকুল রায় কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। পরে তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য হন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন, পরে ফের তৃণমূলে যোগ দেন। অসুস্থতার কারণে রাজনীতির ময়দান থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন তিনি।

About The Author