দেশে জ্বালানি সরবরাহ নিয়ে বিরোধীদের উদ্বেগের মাঝেই সংসদে আশ্বাস দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনি বলেন, “গ্যাস-পেট্রলের কোনও সংকট নেই দেশে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ২০% জ্বালানি আসছে না, তবে আমরা উৎপাদন ২৮% বাড়িয়ে দিয়েছি।”
মন্ত্রী জানান, দেশের রিফাইনারিগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে, অনেক ক্ষেত্রে ১০০%-এরও বেশি। পেট্রোল, ডিজেল, কেরোসিন, এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) ও ফুয়েল অয়েলের কোনও ঘাটতি নেই। বর্তমানে নন-হরমুজ সোর্সিং থেকে অপরিশোধিত আমদানি প্রায় ৭০%-এ পৌঁছেছে, যা সংঘাতের আগে ছিল ৫৫%।
তিনি আরও বলেন, ভারতের তেল আমদানির উৎস ২০০৬-০৭ সালে ছিল ২৭টি দেশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০টি দেশে। আমেরিকা, নরওয়ে, কানাডা, আলজেরিয়া ও রাশিয়া থেকে বড় জাহাজ এনে সক্রিয়ভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রতিদিন বিকল্প পথে বড় LNG কার্গো আসছে, ফলে গ্যাস সরবরাহেও কোনও ঘাটতি নেই। বিরোধীরা এ সময় সংসদে বিক্ষোভ দেখালেও মন্ত্রী স্পষ্ট জানান, “প্রতিটি বাড়ি ও শিল্পের জন্য শক্তির কোনও ঘাটতি নেই। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।”

