ভারতের তরফে কোনও হামলা হলে সোজা কলকাতায় আঘাত হানবে পাকিস্তান! তীব্র হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খওয়াজা আসিফ। সিয়ালকোটে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ভারত যদি কোনও মিথ্যে অজুহাতে অভিযান চালায়, তবে বিষয় কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে।” তাঁর অভিযোগ, ভারত পাকিস্তানিদের ব্যবহার করে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর পরিকল্পনা করছে।
এই মন্তব্য নিয়ে দুই দেশের মধ্যে জোর জল্পনা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানের যেকোনও হামলার জবাব হবে “প্রয়োজনে ঘরে ঢুকে মারবে ভারত।” সেই বক্তব্যের পাল্টা জবাব হিসেবেই আসিফের এই হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে।
পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্ক উত্তপ্ত। বিমান ঘাঁটিতে হামলা, দিল্লি বিস্ফোরণ—একাধিক ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক এমন সময়ে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতাকে লক্ষ্য করে হুঁশিয়ারি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

