লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, সই করল না তৃণমূল

নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল বিরোধী শিবির। সংবিধানের অনুচ্ছেদ ৯৪সি-র আওতায় তাঁকে পদ থেকে সরানোর দাবি জানানো হয়েছে। কংগ্রেসের চিফ হুইপ কে সুরেশ প্রস্তাবটি জমা দেন, যেখানে সমাজবাদী পার্টি, DMK-সহ বিরোধী দলের ১১৪ জন সাংসদের সই রয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদরা অবশ্য এই প্রস্তাবে সই করেননি। তাঁদের দাবি, প্রথমে স্পিকারের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে চিঠি দিয়ে তিন দিন সময় দেওয়া উচিত ছিল। এরপরও পদক্ষেপ না হলে অনাস্থা প্রস্তাব আনা যেত। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা চাই সংসদ চলুক। বিরোধীদের কথা বলার সময় দিতে হবে। চেয়ারকে সম্মান করি, তাই আগে সুযোগ দেওয়া উচিত।”

অন্যদিকে, কংগ্রেস সূত্রে জানা গেছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীও অনাস্থা প্রস্তাবে সই করেননি। তাঁর মতে, সংসদীয় গণতন্ত্রের মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিরোধী দলনেতা সই না করলেও প্রস্তাব জমা দেওয়া সম্ভব।

এই অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে সংসদে বিরোধী ও শাসকদলের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাজেট অধিবেশনে বিরোধীদের বক্তব্যে বাধা দেওয়া, সাংসদদের সাসপেন্ড করা এবং পক্ষপাতিত্বের অভিযোগই এই প্রস্তাবের মূল কারণ।

About The Author