পেশায় ইঞ্জিনিয়ার, ‘র‍্যাপার’, ৩৫-এর বালেন শাহ হচ্ছে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী

নেপালে ‘Gen Z’ বিপ্লব: প্রধানমন্ত্রী হচ্ছেন জনপ্রিয় ‘র‍্যাপার’ বালেন শাহ! নতুন অধ্যায় লেখা হচ্ছে নেপালের রাজনীতিতে।

প্রাথমিক ভোটগণনায় স্পষ্ট হয়ে উঠছে, তরুণ প্রজন্মের নেতৃত্বেই দেশ এগোচ্ছে। কাঠমান্ডুর মেয়র হিসেবে জনপ্রিয়তা পাওয়া বালেন্দ্র শাহ— জনমানসে পরিচিত বালেন শাহ— এখন দেশের সর্বোচ্চ পদে পৌঁছনোর পথে।

৩৫ বছর বয়সী বালেন শাহ বিশ্বের প্রথম ‘র‍্যাপার প্রধানমন্ত্রী’ হতে চলেছেন। তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (Rastriya Swatantra Party – RSP) বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে।

রাজনীতিতে আসার আগে বালেন ছিলেন জনপ্রিয় র‍্যাপ শিল্পী। ২০১৩ সালে Raw Barz প্রতিযোগিতা জিতে তিনি আলোচনায় আসেন। তাঁর গান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান হয়ে উঠেছিল। বিশেষ করে “আমাকে বলতে দিন সরকারকে, সত্য বলা অপরাধ নয়”— তরুণদের কাছে তা আন্দোলনের ভাষা হয়ে দাঁড়ায়।

শিক্ষাগত যোগ্যতায়ও তিনি পিছিয়ে নেই। কাঠমান্ডুর হোয়াইটহাউজ ইন্টারন্যাশনাল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ভারতের কর্ণাটকের VTU থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মেয়র থাকাকালীন তাঁর নগর পরিকল্পনার জ্ঞান প্রশাসনিক কাজে বিশেষ সহায়তা করেছে।

বিশ্লেষকদের মতে, পুরনো নেতৃত্বের প্রতি মানুষের আস্থা তলানিতে পৌঁছেছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর থেকেই পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। সেই তরুণ আন্দোলনের ঢেউ এবার নির্বাচনে প্রতিফলিত হয়েছে।

বালেন শাহর ইস্তেহারে রয়েছে ১২ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি এবং বিদেশমুখী হওয়ার প্রবণতা কমানোর ডাক। তরুণ ভোটারদের কাছে এই বার্তা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে এখনও কিছু সময় বাকি। তবে প্রবণতা বজায় থাকলে নেপাল তো বটেই, বিশ্ব রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে, একসময়ের র‍্যাপার এবার প্রধানমন্ত্রী।

About The Author