২০২৬ সালের লোকসভা নির্বাচনের আগে মালদার রাজনীতিতে বড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর।
শনিবার দিল্লির কংগ্রেস দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি পুরনো দলে ফিরে আসেন। দিন তিনেক আগেই তৃণমূলের তরফে মালদহের চার বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর করা হয়েছিল তাঁকে। কিন্তু হঠাৎই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
যোগদানের পর মৌসম বলেন, “আমরা কংগ্রেস পরিবার। কয়েক বছর তৃণমূলে ছিলাম, অনেক সুযোগ পেয়েছি। কিন্তু পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেসেই কাজ করব।”
২০০৯ ও ২০১৪ সালে কংগ্রেসের প্রতীকে মালদহ উত্তর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মৌসম। ২০১৯ সালে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হলেও আসন হাতছাড়া হয়। পরে তাঁকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। এবার ফের কংগ্রেসে প্রত্যাবর্তনকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলছে।
কারণ, মালদহের কোতওয়ালি পরিবার দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। বর্তমানে পরিবারের আরেক সদস্য ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদহ থেকে কংগ্রেস সাংসদ। মৌসমের যোগদানে পরিবার ফের একজোট হয়ে কংগ্রেসের পতাকা ধরল।

