কলকাতা: SIR-এর সৌজন্যে ভোটের মুখে বাংলায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা-র।
SIR প্রক্রিয়া নিয়ে বড়সড় আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরে এক সভায় তিনি বলেন, এই প্রক্রিয়ায় রাজ্যের প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ পড়তে পারে।
মমতার অভিযোগ, প্রথমে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। পরে আবার “লজিক্যাল ডিসক্রিপেন্সি” দেখিয়ে আরও ৫০ থেকে ৮০ লক্ষ নাম বাদ দেওয়া হতে পারে। মৃত ভোটারদের নাম বাদ ধরলেও প্রায় এক কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি জানান, এই বিষয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন এবং পিটিশন এখনও পেন্ডিং রয়েছে। আদালতের আদেশের পরও কমিশনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ হয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “আমি মানবতার পক্ষে। এটা দেখতে হবে না কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম। কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান। আমি শুধু নিশ্চিত করতে চাই যে দেশের গণতন্ত্র যেন সুরক্ষিত থাকে।”
ভবানীপুরে তাঁর বিধানসভা কেন্দ্রে প্রথম পর্যায়ের এসআইআরে ৪৩ হাজারের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা স্পষ্ট করেছেন, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে যদি অসঙ্গতি ধরা পড়ে, তিনি বড়সড় পদক্ষেপ করবেন।

