কলকাতা: ‘আপনার বউয়ের টাইটেল কি?’ এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে তাঁদের স্ত্রীর পদবি জানতে চেয়ে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে সভা থেকে SIR প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করলেন তিনি।
ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরে প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন।
মমতার অভিযোগ, মহিলাদের বিয়ের পর পদবি বদল হলে তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বা শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গেই তিনি কটাক্ষ করে বলেন, “প্রধানমন্ত্রীজি, আপনাকে সম্মান জানিয়ে জানতে চাই, আপনার স্ত্রীর পদবি কী? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন।” এরপর তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, “মিস্টার হোম মিনিস্টার, আপনার স্ত্রীর পদবি কী?”
মমতার দাবি, এই প্রক্রিয়া নারীবিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী। তিনি বলেন, “বাংলার মা-বোনেরা বিয়ে করলে শ্বশুরবাড়ি যাবে, ঠিকানা বদলাবে, তার জন্য তাঁদের বাদ দেওয়া হবে? এটা চলবে না।” সভায় তিনি আরও অভিযোগ করেন, SIR আসলে এনআরসি চাপিয়ে দেওয়ার চক্রান্ত। পাশাপাশি তিনি কবিতা পাঠ করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং হুঁশিয়ারি দেন, বাংলার মানুষ গণতন্ত্র রক্ষায় জবাব দেবে।

