কলকাতা: ঘোষণা হয়ে গেলেও এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেকার ভাতার টাকা ঢুকছে না বলেই অভিযোগ। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে ভোটের আবহে যুবসাথী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, যুবসাথী, ক্ষেত মজুর প্রকল্পের টাকা শুক্রবারের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ফলে পরের তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর ১,৫০০ টাকা পৌঁছে যাবে। বৃহস্পতিবারের ঘোষণার পর শুক্রবার মধ্যরাত থেকেই অনেকের টাকা ঢুকতে শুরু করেছে বলেও খবর।
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় যাঁরা যোগ্য আবেদন করেছেন, তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে কারও কারও ক্ষেত্রে ব্যাংক প্রক্রিয়াগত কারণে সামান্য দেরি হতে পারে।
যদিও নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটের জন্য উন্নয়নের কাজ যেন কোথাও বাধাপ্রাপ্ত না হয়।” তিনি স্পষ্ট বার্তা দেন, ভোট চলবে, উন্নয়নের কাজও চলবে, কোনওভাবেই উন্নয়ন থেমে থাকবে না। প্রশাসনিক কর্তাদের তিনি নির্দেশ দেন, প্রকল্পের টাকা পৌঁছনোর ক্ষেত্রে যেন কোনও দেরি না হয়।
ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের ঘোষণা মমতার
রাজ্যের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ভোটের আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও সরকার–ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় বাড়াতে গঠিত হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স’ ওয়েলফেয়ার বোর্ডের গঠন ও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা যা প্রতিশ্রুতি দিই, তা পূরণ করি।” তিনি আরও জানান, প্রতিটি জেলা থেকে প্রতিনিধিত্ব থাকবে এই বোর্ডে, যা ব্যবসায়ী সমাজ ও সরকারের মধ্যে নিয়মিত সংলাপের প্রাতিষ্ঠানিক মঞ্চ হিসেবে কাজ করবে।
মমতা বলেন, বোর্ডের চেয়ারপার্সন হবেন Confederation of West Bengal Traders Association–এর সভাপতি, যাতে ব্যবসায়ী সমাজের শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। তাঁর বক্তব্য, “আমাদের ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের পাশে থেকে এবং একসঙ্গে কাজ করেই আমরা রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”

