কলকাতা: শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ‘স্বামী’ বলে সম্বোধন করে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এতেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার রামকৃষ্ণদেবের জন্মতিথিতে সামাজিক মাধ্যমে পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানানোর সময় মোদী লেখেন, “স্বামী রামকৃষ্ণ পরমহংসের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।”
এই সম্বোধনকে সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “শ্রী রামকৃষ্ণকে সকলে ঠাকুর বলে সম্বোধন করেন। তাঁর শিষ্যদের নামের আগে ‘স্বামী’ ব্যবহার করা হয়। কিন্তু গুরু রামকৃষ্ণকে ঠাকুর বলেই সম্বোধন করা হয়। পবিত্র সেই ত্রয়ী ঠাকুর-মা-স্বামীজিই রয়ে গিয়েছেন।” মমতার অনুরোধ, ‘নতুন নতুন বিশেষণ আবিষ্কার করার কোনও প্রয়োজন নেই’।
মমতা আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আধুনিক ভারত গড়ে তোলা এই মহান বাঙালি মনীষীদের জন্য নতুন নতুন উপসর্গ এবং প্রত্যয়ের ব্যবহার করবেন না।” এর আগে সংসদে বক্তৃতার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন মোদী। সেই নিয়েও বিতর্ক হয়েছিল। এবার রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ বলে সম্বোধন করায় ফের সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী।

