কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে।
রাজবংশী সম্প্রদায়ের জনপ্রতিনিধি অনন্ত মহারাজকে এদিন ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। উত্তরীয় পরিয়ে, স্মারক তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মমতা। মঞ্চে দাঁড়িয়ে অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের অগ্রদূত চিলা রায়ের লেখা কবিতা পাঠ করেন। মাতৃভাষায় কবিতা পাঠ করে তিনি নিজের জাত্যাভিমানকে উসকে দেন।
রাজনৈতিক মহলে এই দৃশ্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিরোধী দলের সাংসদকে মুখ্যমন্ত্রীর মঞ্চে সম্মানিত করা নিঃসন্দেহে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

