কলকাতা: বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, এই অভিযোগকে সরাসরি খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর সফরের আগে নবান্নে শিল্প নিয়ে বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, “যারা বাইরে আছেন, তারা বাংলায় ফিরে আসুন। শিল্পের ঠিকানা এখন বাংলা।”
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যেই একাধিক শিল্পাঞ্চল গড়ে উঠেছে। হাওড়া থেকে দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত শিল্প করিডোরের উদাহরণ টেনে তিনি বলেন, “আগে তো সব বন্ধ ছিল। এখন স্কুল-কলেজ-কারখানা তৈরি হচ্ছে।” পুরুলিয়ায় ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ, স্টিল, ওয়াগন, আইটি ও সিমেন্ট শিল্পের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
মমতা দাবি করেন, রাজ্যে ৪০ লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও ১০ হাজার মানুষকে ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। তাঁর বক্তব্যে উঠে আসে ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের দুর্দশার প্রসঙ্গও। তিনি বলেন, “বাংলায় কাজের সুযোগ তৈরি হচ্ছে। বাইরে যারা অত্যাচার সহ্য করছেন, তারা এখানে ফিরে আসুন।”
রাজনৈতিক মহল মনে করছে, সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার পর শিল্প নিয়ে এই বার্তা দিয়ে মমতা আসন্ন ভোটের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন।

