কলকাতা:যুদ্ধ আবহে এলপিজি সংকট ঘিরে রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে। রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে রেস্তরাঁ–অটোচালক, সবাই সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে তিনি ডিলারদের অনুরোধ করেন, বাইরে মজুত রাখা সিলিন্ডার যেন বাজারে না পাঠানো হয়। কালোবাজারি রুখতে কড়া নজরদারির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ভুল সিদ্ধান্তের জন্যই এই সংকট তৈরি হয়েছে। বিশেষ করে দু’টি বুকিংয়ের মধ্যে ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করার নিয়ম মানুষকে আরও আতঙ্কিত করেছে।
মমতা বলেন, “আমি ভর্তুকি দিতে চাই, কিন্তু তাতে লাভ হবে না। কারণ গ্যাসের জোগানই নেই। গ্রাম থেকে শহর, সকলেই সমস্যায়। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের ভুল সিদ্ধান্তই দায়ী।” তিনি জানান, জরুরি পরিষেবা যেমন অটো, আইসিডিএস, মিড ডে মিল, ছোট রেস্তরাঁ, এসব ক্ষেত্রেও গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। বুধবার বৈঠকের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কালোবাজারি রুখতে রাজ্য সরকার নজরদারি চালাবে। একই সঙ্গে তিনি কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

