নয়াদিল্লি: রাজধানীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন এসআইআর প্রক্রিয়ায় নিহতদের পরিবারের সদস্যরা। সোমবার সকাল থেকেই বঙ্গভবন ঘিরে দিল্লি পুলিশের বিশাল বাহিনী মোতায়েন হয়। অভিযোগ উঠেছে, ঘরে ঘরে তল্লাশি চালানো হয়েছে, যাতে ওই পরিবার কমিশনের কাছে পৌঁছতে না পারে।
এই পরিস্থিতিতে সরেজমিনে পরিদর্শনে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সকাল থেকে বঙ্গভবন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে ভর্তি করে দিল। ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। এটা দিল্লি পুলিশ করতে পারে না। ওদের এক্তিয়ার নেই।” মমতার অভিযোগ, এসআইআরের জন্য মৃতদের পরিবারের লোকজনকে বাধা দেওয়া হচ্ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনি বাংলায় এলে রেড কার্পেট পেতে রাখি, আর আমরা দিল্লিতে এলে কালো কার্পেট?”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর সঙ্গে ছিলেন। বঙ্গভবনে পৌঁছনোর পথে পুলিশের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাকবিতণ্ডা হয়। রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠল। আসন্ন নির্বাচনের আগে এই উত্তেজনা রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

