লোকভবনে সৌজন্যের বিরল ছবি! বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

কলকাতা: লোকভবনে সৌজন্যের বিরল দৃশ্য, বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মুখ্যমন্ত্রী মমতা।

বৃহস্পতিবার লোকভবনে নতুন রাজ্যপাল আর এন রবির শপথ অনুষ্ঠানে দেখা গেল এক বিরল সৌজন্যের দৃশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীসহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

শপথ অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু তৃতীয় সারিতে বসে আছেন। সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে গিয়ে বলেন, “বিমান দা পিছনে কেন? বিমান দা আপনি সামনে আসুন না।” এরপর নিজে হাতে চেয়ার এগিয়ে দিয়ে তাঁকে সামনের সারিতে বসান। এই সৌজন্য দেখে উপস্থিতদের মধ্যে বিস্ময় ও প্রশংসার সুর শোনা যায়।

এরপর মুখ্যমন্ত্রী রাজ্যপালের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। তৃণমূল সূত্রে পরে জানা যায়, নির্দিষ্ট আসনে মেয়র না আসায় সেই জায়গায় বিমান বসুকে বসতে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, এর আগেও রাজভবনে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমান বসুর প্রতি একই রকম আন্তরিকতা দেখাতে দেখা গিয়েছে।

About The Author