ভবানীপুরে ‘লোডশেডিং করে দিতে পারে’, কর্মীদের সতর্ক থাকার বার্তা মমতার

কলকাতা: ‘ভোট শেষ হলেই বাড়ি না গিয়ে স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে’, কর্মীদের বার্তা নেত্রী মমতার। কেন বললেন একথা?

রবিবার ভবানীপুরে কর্মীসভায় তৃণমূল নেত্রী ও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভোট শেষ মানেই বাড়ি চলে যাওয়া নয়, বরং স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে। তাঁর আশঙ্কা, “লোডশেডিং করে দিতে পারে।” তাই কর্মীদের মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন তিনি।

মমতা অভিযোগ করেন, বাইরে থেকে লোক আনা হয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, তৃণমূল শান্তিপূর্ণ ভোট চায়। বৈঠকে তিনি ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ বলে উল্লেখ করেন এবং জানান, এখানে সব ধর্ম ও ভাষার মানুষ একসঙ্গে উৎসব পালন করেন।

তিনি আরও বলেন, “যে ২৩১ বুথে লিড ছিল, সেই লিড ছাপিয়ে যেতে হবে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না। অন্তত পাঁচটা করে ভোট বাড়াতে হবে। শুধু জেতা নয়, লক্ষ্য ৬০ হাজারের বেশি মার্জিন।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে বলেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন মুখ্যমন্ত্রী, আর বাংলার মানুষ মাথা নত করবে না।

About The Author