SIR মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি: বিশেষ নিবিড় সংশোধনী (SIR) মামলায় আজ নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। দেশের সর্বোচ্চ আদালতে নিজেই আইনজীবীর ভূমিকায় সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

বুধবার সকাল ১০টার পরই সুপ্রিম কোর্টে হাজির হলেন মমতা। তাঁকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। দুপুর ১২টার মধ্যে মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যেই এই মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি শিবিরের দাবি, মৃত ভোটার ও ভুয়ো নাম বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চলছে। এই দ্বন্দ্বের আবহেই মুখ্যমন্ত্রী নিজে আদালতে দাঁড়িয়ে যুক্তি তুলে ধরবেন বলে জানা গেছে।

তৃণমূল শিবির মনে করছে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে বিরোধীরা বলছে, আদালতে দাঁড়িয়ে সওয়াল করা আসলে রাজনৈতিক নাটক। আজকের শুনানিতে মুখ্যমন্ত্রী কী যুক্তি তুলে ধরেন, তার দিকে তাকিয়ে রয়েছে রাজ্য ও জাতীয় রাজনীতি।

About The Author