কলকাতা: SIR ইস্যুতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি বৈঠকের জন্য সময় দিয়েছে। তৃণমূলের ১৫ জনের প্রতিনিধিদল উপস্থিত থাকবে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ এবার পৌঁছল দিল্লিতে। নির্বাচন কমিশন আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লির নির্বাচন সদনে বৈঠকের জন্য সময় দিয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মোট ১৫ জনের প্রতিনিধিদল দিল্লি যাবে। তাঁদের মধ্যে থাকবেন কয়েকজন সাংসদ এবং SIR আতঙ্কে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষও। অভিযোগ, কমিশনের খাতায় জীবিত মানুষকে ‘মৃত’ দেখানো হয়েছে, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।
মমতা ও অভিষেক ইতিমধ্যেই কলকাতার রাজপথে মিছিল করে এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, ভোটের মুখে পরিকল্পনা ছাড়াই SIR শুরু করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, এর পিছনে কেন্দ্রীয় শাসকদল বিজেপির সঙ্গে কমিশনের সমঝোতা রয়েছে।
আগামী সোমবারের বৈঠকে তৃণমূল এই সমস্ত বিষয় তুলে ধরবে বলে জানা গেছে। রাজনৈতিক মহল মনে করছে, দিল্লি সফরকে কেন্দ্র করে SIR ইস্যু জাতীয় স্তরে আরও বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

