লরির ত্রিপলের আড়ালে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা! গ্রেপ্তার বাংলাদেশী

মালদা: মহদীপুর সীমান্তে লরির ত্রিপলের নিচে লুকিয়ে ভারত ঢোকার চেষ্টা, বিএসএফের হাতে ধরা বাংলাদেশী যুবক। শুক্রবার রাতে পণ্যবাহী একটি ভারতীয় লরির ত্রিপলের নিচে লুকিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। রুটিন তল্লাশির সময় বিএসএফের জওয়ানরা তাঁকে হাতেনাতে পাকড়াও করেন।

ধৃত যুবকের নাম মহম্মদ আলমগীর কবির (২৬)। তিনি বাংলাদেশের রাজশাহী জেলার চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। তাঁকে লুকিয়ে সীমান্ত পার করানোর অভিযোগে ভারতীয় লরি চালক সাজু ঘোষ (২৬)-কেও গ্রেফতার করা হয়েছে।

বিএসএফের পক্ষ থেকে দু’জনকে মালদার ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক কাজের সন্ধানে বা অন্য কোনো উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার পর মহদীপুর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিএসএফ।

About The Author