বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। ১৯২ আসনে নাম ঘোষণা, ২৮ জন মহিলা প্রার্থী। আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে বিমান বসুর ঘোষণা।
নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার একদিনের মধ্যেই বামফ্রন্ট তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, মোট ১৯২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৮ জন মহিলা প্রার্থী রয়েছেন। পরে আরও মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।
প্রথম তালিকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। মেখলিগঞ্জে কমল রায়, মাথাভাঙে খগেন বর্মন, শীতলকুচিতে নবদীপ্তি অধিকারী, দিনহাটায় বিকাশ মণ্ডল, জলপাইগুড়িতে দেবরাজ বর্মন, শিলিগুড়িতে শরদিন্দু চক্রবর্তী, ডাবগ্রাম–ফুলবাড়িতে দিলীপ সিংহ, চাকুলিয়ায় আমজাদ আলি, হেমতাবাদে তুনশ্রী দাস, কালিয়াগঞ্জে হীরুবালা রায় প্রার্থী হয়েছেন।
দক্ষিণবঙ্গেও একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ব্যারাকপুরে সুমন বন্দ্যোপাধ্যায়, দমদম উত্তরে দীপ্সিতা ধর, কামারহাটিতে মানস মুখোপাধ্যায়, বরানগরে সায়নদীপ মিত্র, রাজারহাট–নিউটাউনে সপ্তর্ষি দেব, যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্য, বেহালা পূর্বে নিলয় মজুমদার, হাওড়া উত্তরে গৌতম রায়, সাঁকরাইলে সমীর মালিক, ডোমজুরে দুলু দাস, উত্তরপাড়ায় মীনাক্ষি মুখোপাধ্যায়, শ্রীরামপুরে নবনীতা চক্রবর্তী, সিঙ্গুরে দেবাশিস চ্যাটার্জি, চুঁচুড়ায় সুনীল সাহা, আরামবাগে রতিকা পণ্ডিত, ঝাড়গ্রামে অর্জুন মাহাত, খড়গপুরে মধুসূধন রায়, মেদিনীপুরে মনিকুন্তল খামরুই, পুরুলিয়ায় সায়ন্তন ঘোষ, রানিবাঁধে দেবলীনা হেমব্রম প্রার্থী হয়েছেন।

