‘এপ্রিলে BJP-কে জেতান, আমরা ৩,০০০ টাকা করে দেব’: শুভেন্দু

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোয় তৃণমূল-বিজেপি তরজা! শুভেন্দুর পাল্টা প্রতিশ্রুতি, BJP এলে মাসে ৩ হাজার টাকা।

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেন, “ভোটের মুখে নির্বাচনে জয়লাভের জন্যই রাজ্য সরকার এই বাজেট তৈরি করেছে আইপ্যাকের কথায়।” তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক ভাতা ৩,০০০ টাকা করা হবে এবং তা দলের সংকল্পপত্রে অন্তর্ভুক্ত করা হবে।

শুভেন্দু আরও অভিযোগ করেন, রাজ্য সরকার চালাকি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক থেকে দেড় হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে। তাই ৫০০ টাকা বাড়িয়ে মহিলাদের প্রলোভন দেখানো হচ্ছে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণাকেও তিনি কটাক্ষ করেন।

তৃণমূলের পাল্টা দাবি, শুভেন্দু অধিকারী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রকল্পকেই অনুকরণ করছেন। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই এখন বিরোধীদের প্রতিশ্রুতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী আরও বলেন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রশ্ন তোলেননি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী কেবল নাটক করছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বেকার ভাতা, সিভিক ও গ্রিন পুলিশের বেতন বৃদ্ধি, আশা ও আইসিডিএস কর্মীদের জন্য এককালীন আর্থিক সাহায্যসহ একাধিক জনমুখী ঘোষণা করেছে রাজ্য সরকার।

About The Author