‘দেশের সেবায় নিয়োজিত’ হতে সাংসদ হিসেবে মনোনয়ন জমা দিলেন কোয়েল, বাবুলরা

কলকাতা: ‘দেশের সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি’, রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের পাশাপাশি, রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীও মনোনয়ন জমা দেন।

তৃণমূলের হাত ধরে অভিনেত্রী কোয়েল মল্লিক এবার নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর সঙ্গে অবসরপ্রাপ্ত আইপিএস রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী ও গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয় এবং বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। বৃহস্পতিবার তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেনকা গুরুস্বামী বলেন, “ভারতীয় সংবিধান মানুষকে সমান অধিকার দিয়েছে। সেই অধিকার রক্ষার জন্য সংসদের উচ্চকক্ষে লড়াই করার সুযোগ পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই সুযোগ দিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।”

অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, “আমি চিরকাল মানুষের জন্য কাজ করতে চেয়েছি। এবার সেই দায়িত্ব পালন করার সুযোগ পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।”

বাবুল সুপ্রিয় তাঁর রাজনৈতিক যাত্রাকে ‘পারফরম্যান্স’-এর সঙ্গে তুলনা করে বলেন, “আগে গান গেয়ে মানুষের অনুরোধে পারফর্ম করতাম। পরে লোকসভায় জিতে মানুষের জন্য কাজ করেছি। মন্ত্রিসভায় থেকেও দায়িত্ব পালন করেছি। এবার রাজ্যসভায় মানুষের জন্য পারফর্ম করব।”

অবসরপ্রাপ্ত আইপিএস রাজীব কুমারও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি রাজ্যসভায় গিয়ে মানুষের জন্য কাজ করতে চান।

About The Author