বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রথম স্ত্রী যোগ দিলেন তৃণমূলে

মালদা: বিধানসভা ভোটের আগে মালদার রাজনীতিতে বড় চমক। মাস কয়েক আগে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন, সেই বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা মার্ডি এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। বুধবার কলকাতায় তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

অরুণা মার্ডি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাঁর ভালো লাগে। তাই তিনি ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের স্বার্থে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে এই মানুষদের আরও বেশি সুযোগ করে দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক মহল মনে করছে, জনজাতি সমাজের সঙ্গে যুক্ত এক পরিচিত মুখের এই যোগদান নির্বাচনের আগে তৃণমূলের সংগঠনে বাড়তি শক্তি জোগাবে। অরুণা আরও বলেন, ভবিষ্যতে মনে হলে তিনি খগেন মুর্মুকেও তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানাবেন। মালদার রাজনীতিতে এই পদক্ষেপকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে খগেন মুর্মুর সাংসদীয় এলাকায় এর প্রভাব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

About The Author