বর্ধমানের কাটোয়া স্টেশনে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার ভোরে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া–আজিমগঞ্জ লোকাল ট্রেনের একটি কামরায় হঠাৎ আগুন দেখা যায়। ভোর সাড়ে চারটে নাগাদ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী ও রেলকর্মীরা। মুহূর্তে স্টেশন চত্বরে হুড়োহুড়ি শুরু হয়।
খবর পেয়ে দ্রুত পুলিশ ও দমকলকে জানানো হয়। কিছু সময়ের মধ্যেই কামরাটি দাউদাউ করে জ্বলতে থাকে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দমকলও বিষয়টি খতিয়ে দেখছে।

